মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে বিএনপির পক্ষ থেকে ১ লাখ টাকা করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি করে রিজভী বলেন, “এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এর কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “সরকারের এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।”
অবশ্যই এখানে অবহেলা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, “একটা আবাসিক এলাকার ভেতর কীভাবে একটা কারখানা স্থাপনের সুযোগ দেয়া হলো। কর্তৃপক্ষের নজরদারি নেই এজন্যই এসব ঘটছে।”
তারেক রহমান ঘটনাটি শুনে তাৎক্ষণিক শোক জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “জনগণ বিএনপিকে ভোট দিলে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে। ফ্যাক্টরি এবং আবাসিক এলাকার স্থাপনার ব্যাপারে সঠিক সঠিক পরিকল্পনা নেওয়া হবে।”
উল্লেখ্য, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন।