প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ পিএম

গাজা যুদ্ধের অবসান নিয়ে সোমবার মিসরের শার্ম আল শেখে আয়োজিত শান্তি সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা মুখোমুখি হন। সেখানে আনুষ্ঠানিক আলোচনার ফাঁকে ঘটে যায় এক মজার ঘটনা—ধূমপান নিয়ে হালকা রসিকতায় জড়িয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের বিরতিতে হাস্যরসের ছলে এরদোয়ান মেলোনিকে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি, দারুণ লাগছিল। তবে আমি চাই আপনি ধূমপানটা ছেড়ে দিন।”
এরদোয়ানের এই পরামর্শে পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মজা করে সঙ্গে সঙ্গে বলেন, “অসম্ভব!”
তখন মেলোনি হেসে জবাব দেন, “ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।”
সূত্র: পলিটিকো, এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/ আরএফ