প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:২৭ পিএম

পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া এলাকার তেঁতুলিয়া নদীর পাঁচবাসা পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খানসহ তিন বন্ধু একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেলে রাসেল নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দরজি ছিলেন। মৃত রাসেল খানের, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে