প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম মনির হোসেন (২২)। তিনি স্থানীয় আব্দুল খালেকের ছেলে।
ঘটনার পর ঘাতক বড় ভাই রনি মিয়াকে দ্রুত আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শাহাবুদ্দিন শাহীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে বড় ভাই মাদকাসক্ত রনি মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে গরু জবাইয়ের চাপাতি দিয়ে ছোট ভাই মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি এ.কে.এম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এসময় দ্রুত অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই রনি মিয়াকে আটক করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ