প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:১০ AM

দেশের আকাশে ভোরের কুয়াশা, ঘাসে শিশির সব মিলিয়ে ধীরে ধীরে জানান দিচ্ছে শীতের আগমন। ইতোমধ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। সেখানে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক।
এমন পরিস্থিতিতে আগামী তিন মাসের জন্য দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি শীত মৌসুমে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নেবে। ফলে আবহাওয়ার ধরন বদলে গিয়ে ধীরে ধীরে শীতের রূপ নিতে শুরু করবে।
আগামী তিন মাসে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি, এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদ-নদী অববাহিকায় এই কুয়াশা বেশি ঘন হতে পারে।
এছাড়া, ডিসেম্বর মাসে উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একাধিক মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
স্বদেশ প্রতিদিন/কেআইকে