প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ AM আপডেট: ১২.১০.২০২৫ ৩:৪৯ এএম

পাবনা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ। এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) দুপুরে পাবনা শহরের গাছপাড়া এলাকায় রাস্তার মাঝখানে গাছ লাগিয়ে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (পাবনা পৌর প্রশাসক) জাহাঙ্গীর আলম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘পাবনা পৌরসভা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌর প্রতিষ্ঠান। এই পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পৌরসভার কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ইতোমধ্যে ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পৌর এলাকার দৃশ্যমান পরিবর্তন ঘটবে, যা ‘আধুনিক পাবনা’ গড়ার পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উন্নয়ন প্রকল্পের আওতায়- ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি (লাইটিং) স্থাপন এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনেক প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, বাকিগুলো দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে।
বক্তারা বলেন, ‘গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার অংশ নয়; এটি পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও নাগরিক সচেতনতার প্রতীক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাবনা পৌরসভা হয়ে উঠবে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীর দৃষ্টান্ত।’
স্বদেশ প্রতিদিন/এমএম