প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:২৬ পিএম

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে।
এ বিষয়ে বাদী হাবিবুর রহমান ৬ জনকে বিবাদী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ধুনট থানাধীন সাতটিকরী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান এবং তার পরিবারের সঙ্গে একই গ্রামের বাবলু মিয়া (৪২), রফিকুল ইসলাম (৩৭), আজিজুল হক (৫৫), মোনারুল ইসলাম (২৬), রঞ্জু মিয়া (২৪), এবং ইছমত আরা (৩৫)-এর মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।
ঘটনার দিন শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সাতটিকরী গ্রামে জমি-সংক্রান্ত একটি গ্রাম্য শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে বিবাদীরা বাদীর ভাতিজি আলেয়া খাতুনকে (৪০) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদীর ছেলে রাজু আহম্মেদ (২৩) এতে বাধা দিলে বিবাদীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
পরে আলেয়া খাতুন বিবাদীদের থামাতে গেলে, তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা ও যন্ত্রণাদায়ক জখম করে। আলেয়া খাতুন মাটিতে পড়ে গেলে ২ নম্বর বিবাদী রফিকুল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করে। একই সময় ৬ নম্বর বিবাদী মোছা. ইছমত আরা তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
পরে গ্রামবাসীরা এসে আলেয়া খাতুনকে উদ্ধার করে। অভিযুক্তরা প্রকাশ্যে নানা প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আশঙ্কাজনক অবস্থায় আহত আলেয়া খাতুনকে দ্রুত ধুনট উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম