প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ পিএম

বাগদান সম্পন্ন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনে সাবা সানজিদা রহমান, যিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ঘরোয়া আয়োজনে বাগদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের সদস্যসহ কাছের কিছু মানুষ উপস্থিত ছিলেন।
তানজীব সারোয়ার বলেন, ‘বাগদানের খবর সবাইকে জানানোর সেভাবে সুযোগ হয়নি। আসলে ভেবেছিলাম, বিয়ের সময়েই বলবো। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’
বাগদানের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং-আমি গায়ক, ও একজন আর্মি অফিসার। আমার জানা মতে, এমন কমই দেখা যায়। সাবা সেনাবাহিনীর লং কোর্স করেছেন, বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত। তার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়।’
তানজীব আরও জানান, সাবাকে তিনি আগেই চিনতেন, তবে তিনি যে সেনাবাহিনীতে কর্মরত, সেটা জানতেন না। পেশা জানার পর বিষয়টি তার কাছে ‘ভিন্নরকম’ লেগেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে পা রাখেন তানজীব সারোয়ার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— ডুবে ডুবে, দিল আমার, কি মায়া ইত্যাদি।
স্বদেশ প্রতিদিন/এমএম