প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:২২ পিএম

যশোর সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ইউনিয়নের খাজুরা বাজার রোডে এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শাহিনুর রহমান পায়ে হেঁটে এম.এন. মিত্র বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক বাবলু হোসেন (৫২)কে আটক করেছে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা। তিনি যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বদেশ প্রতিদিন / কেআইকে