প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২:২৮ AM

ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের ৯টি প্রতিষ্ঠান এবং ৮ জন নাগরিককে নিষিদ্ধ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় এই প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হয়েছেন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও এলপিজি পরিবহনে সহায়তার অভিযোগে আরও ৬০ জন, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, নিষিদ্ধ ৯টি ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে ৮টি রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে মুম্বাই ভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লি ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন রয়েছে।
দপ্তরের মতে, এই প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরে ইরানি উৎপাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে, যা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে।
নিষিদ্ধ পাঁচ ভারতীয় নাগরিক হলেন—কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট, এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত।
এছাড়া আরও তিনজন ভারতীয়—বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা—ওএফএসির তালিকায় আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ