প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:৩০ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন বাংলাদেশের বাঁচা-মরার প্রশ্ন। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ন্যায়বিচারের আন্দোলন হলেও স্বাধীনতার পর বাহাত্তরের সংবিধানের মাধ্যমে দেশকে ভারতের প্রভাবের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের ফল ছিনতাইয়ের প্রতিক্রিয়াতেই মুক্তিযুদ্ধ হয়। কিন্তু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছেন বলে তার অভিযোগ। তিনি দাবি করেন, গত ৫৩ বছর ধরে বাহাত্তরের ‘ভেজাল চেতনা’ চাপিয়ে দেওয়া হয়েছে এবং ভিন্নমত পোষণকারীদের ‘রাজাকার’ বলা হয়েছে।
মামুনুল হক আরও বলেন, চার কোটি বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে ‘রাজাকার’ বলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দিল্লির স্বার্থরক্ষাকারীদের আর দেশে গ্রহণযোগ্যতা নেই। তিনি প্রশ্ন তোলেন, দেশ কি বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনাকে ভিত্তি করে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।
তিনি হুঁশিয়ার করেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া আগামী ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ছানাউল্লাহ আমিনী এবং বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিজয়নগর পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো