প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:০৪ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত দেশি মদপানে একে একে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজার দশমীর দিন (৭ অক্টোবর) রাতে উপজেলার খোট্টাপাড়া এলাকার পাঁচ ব্যক্তি মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে দেশি মদপান করেন। রাতেই তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে, ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান। তিনি স্থানীয় এক নারী ইউপি সদস্যের স্বামী। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাসিমুল ইসলাম। শুক্রবার দুপুরে প্রাণ হারান আবদুল মানিক ও আল কাফি। এ পর্যন্ত বিষাক্ত মদপানের ঘটনায় চারজনের মৃত্যু হলো। একই ঘটনায় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া।
এ ঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ ও মদের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে