প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:৩৩ AM

জাতীয় বিশ্ববিদ্যালয় এবার মাত্র ৬০ দিনের মধ্যে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সারাদেশের ৬৮৪টি কেন্দ্র এবং ১,৯০৮টি কলেজে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন কোর্সসহ মোট ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষার গড় পাসের হার ৯৪.৬২ শতাংশ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে দ্রুত ফল প্রকাশের উদাহরণ। সবার প্রচেষ্টায় মাত্র ৬০ দিনে ফল প্রকাশ সম্ভব হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন রেকর্ড।”
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results থেকে ফলাফল দেখতে পারবেন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন বা পুরোপুরি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ