প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পিএম

সংগৃহীত ছবি
শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ কর্মসূচি সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুল হাসান, ডা. সুবল চন্দ্র সাহা, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা এবং জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।
সিভিল সার্জন ডা. নোমান মিয়া জানান, প্রথমবারের মতো সারা দেশে ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ লাখ ৭৫ হাজার ৫৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭ লাখ ৩৭ হাজার ৫২৭ জন শিশু নিবন্ধন করেছে। চলতি বছরের ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু হয় এবং ১২ অক্টোবর টিকাদান শুরুর আগ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
তিনি আরও জানান, মোট ১৮ দিন চলবে টিকাদান কার্যক্রম এর মধ্যে প্রথম ১০ দিন বিদ্যালয়ে, এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। রেজিস্ট্রেশন কার্যক্রম সফল করতে ইতিমধ্যে ধর্মীয় নেতা, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনসচেতনতা তৈরিতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
পরিসংখ্যান অনুযায়ী, জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ( স্কুল ও মাদরাসা) ৫৩৭৬টি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৩৩জন এবং কমিউনিটিতে শিশুর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫২৪ জন। স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১১টি, অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২৩৭৬টি, টিকাদানকারীর সংখ্যা ৬৪০জন, স্বেচ্ছাসেবকের সংখ্যা ২৩৭৬জন এবং প্রথম শ্রেনীর সুপারভাইজারের সংখ্যা ২৯৭জন। আমরা টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো