প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:১১ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ১০:১৪ PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনে ২০ ঘণ্টার বাধা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে আমেনা বেগম (৬৫) মারা যান। তিনি শাহজাদপুর গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। মৃত্যুর পর তার মরদেহ স্বামীর বাড়িতে দাফনের জন্য আনা হলে সম্পত্তি নিয়ে তার দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লাহর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।
জানা গেছে, মৃত্যুর আগে আমেনা বেগম তার ছোট ছেলে সাইফুল্লাহকে কিছু বাড়তি সম্পত্তি লিখে দেন, যা নিয়ে বড় ছেলে নজিব উল্ল্যাহ আপত্তি তোলেন। অভিযোগ করেন, তাকে বঞ্চিত করে ছোট ছেলের নামে সম্পত্তি রেজিস্ট্রি করা হয়েছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে, যা মায়ের মরদেহ সামনে রেখেই চলতে থাকে।
এ ঘটনায় গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে উপস্থিত হন এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আনেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে উভয় পক্ষ মায়ের দাফনে সম্মত হন। পরে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে আমেনা বেগমকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়।”
রুবাইয়া বিনতে কাশেম আরও জানান, দাফনের পর স্থানীয়দের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সম্পত্তি বিরোধ নিয়ে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে