
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে অ্যাডভোকেট নূরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত এক সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাডভোকেট নূরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই দলের ৩১ দফা প্রণয়ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সব ধরনের অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে—সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে। আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।’
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, আতম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মোনাজ্জির হোসেন সুজন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, মহিলা দলের আহ্বায়ক হাফেজা ফেরদৌস লিপন, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, অশোক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, যুবদল নেতা কামরুল হাসান রাজু, মমিনুল হক কালাচাঁন, কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া ও রাকিবুল ইসলাম দিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম