প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:১৪ AM

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব রয়েছে, তারা আবার অন্যদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের তালিকা তৈরি করে। বুধবার (৮ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ আরও উল্লেখ করেন, “যারা ৫ আগস্ট পালিয়েছে, তাদের সমর্থকরা এখন দুঃখে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালতে হবে। আমাদের জন্ম এদেশে, মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট ও খুনিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হওয়ার মতো মর্যাদাপূর্ণ মৃত্যু কামনা করি।”
গত কয়েক দিন ধরে দেশের রাজনীতিতে ‘সেফ এক্সিট’ বিষয়টি ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “অনেকে উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে। তারা নিজেদের নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছে।”
উক্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নাহিদ ইসলামের বক্তব্যের সত্যতা প্রমাণ করতে তার দায়িত্ব। আমার দায়িত্ব নয় তাকে সত্য প্রমাণ করা বা খণ্ডন করা।”
এরপরই ফেসবুকে নিজের স্ট্যাটাসে আসিফ মাহমুদ একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিকদের উদ্দেশ্যে সরাসরি ইঙ্গিত দেন, যারা অন্যদের ‘সেফ এক্সিট’-এর তালিকা করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ