প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কাজীর শুরা এলাকায় চলছে ইলিশ কেনাবেচার জমজমাট উৎসব। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাছ ধরা, পরিবহন ও বিক্রির ব্যস্ততা।
সরেজমিনে দেখা যায়, কাজীর শুরা বাজারের ঘাটে জেলেদের নৌকা ভিড়তেই ক্রেতাদের ভিড় জমে যায়। কেউ আসছেন দূর-দূরান্ত থেকে পদ্মার টাটকা ইলিশ কিনতে, আবার কেউ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারি দরে বড় পরিমাণে মাছ ক্রয় করছেন।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, কিছু প্রভাবশালী দালাল ও তথাকথিত ‘সেন্টিগেট’ চক্রের কারণে তারা ন্যায্য দামে মাছ পাচ্ছেন না। প্রশাসনের নজর এড়িয়ে এসব চক্র প্রতিদিন লাখ টাকার ইলিশ কেনাবেচা করছে বলে জানা গেছে।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, আমাদের অভিযান নিয়মিত চলছে। গতকালও অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সমাজসেবক ও সচেতন মহল মনে করছেন, শুধু অভিযান নয়, বরং জেলে, ক্রেতা ও বিক্রেতা, সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন / শাহো