ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল আলোচনা ছিলো জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে।
আজ বুধবার (৮ অক্টোবর) এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীন আরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান; কে অ্যান্ড কে কর্পোরেশনের (জাপান) পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের সাগামিহারার ক্যানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। প্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করে এবং জাপানে উচ্চশিক্ষা ও চাকরির জন্য প্রস্তুত করে থাকে।
সেমিনারে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন, ওব্লিগস কোম্পানি লিমিটেডের (জাপান) ম্যানেজিং ডিরেক্টর ও ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি, এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
বক্তারা বলেন, “জাপানি ভাষা শেখা শুধু একটি ভাষা অর্জনের বিষয় নয়; এটি জাপানের সংস্কৃতি, শৃঙ্খলা ও কর্ম-নৈতিকতা সম্পর্কে জানার সুযোগও তৈরি করে।” এদিন তারা শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করেন।
জানা যায়, গত এক বছরে ওব্লিগস একাডেমি সফলভাবে ২০ জন শিক্ষার্থীকে জাপানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে।