প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানিয়েছেন, জন্ম নিবন্ধন ছাড়াই শিশু-কিশোররা টাইফয়েড টিকা নিতে পারবে।
আজ বুধবার (৮ অক্টোবর) গুলশান-২ এর ডিএনসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।
ডিএনসিসি ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০টি অঞ্চলে টাইফয়েড টিকাদান কার্যক্রম চালাবে। লক্ষ্য রাখা হয়েছে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার। এর মধ্যে ২১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু টিকা পাবেন।
৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। সাধারণত নিবন্ধনের জন্য জন্ম নম্বর প্রয়োজন হয়। তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তারা সরাসরি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। সেখানে ডিএনসিসির কর্মকর্তারা তথ্য সংগ্রহ করে টিকা কার্ড বের করবেন।
জন্ম নিবন্ধন নম্বর দেওয়া শিশুরা হলুদ রঙের টিকা সার্টিফিকেট পাবেন, আর জন্ম নিবন্ধন ছাড়া টিকা নেওয়া শিশুরা সবুজ রঙের সার্টিফিকেট পাবেন।
টিকাদান কার্যক্রমের সময়সূচি:
১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর: শিক্ষাপ্রতিষ্ঠানে, শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া ১০ দিন
১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর: স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে, শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া ১৮ দিন
১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর: স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে, শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া
প্রতিটি টিমে দুই জন টিকাদান কর্মী এবং তিনজন স্বেচ্ছাসেবক কাজ করবেন। প্রতিদিন কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত।