বিদ্রোহ করেছে ৪৮টি ক্লাব। বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি তারা আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি করেছেন।
আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন বিদ্রোহী ক্লাবগুলোর সংগঠকরা। সেখানে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান ক্লাবগুলোর পক্ষে সিদ্ধান্ত জানান।
সংগঠকরা আরো জানান, আসন্ন ঘরোয়া মৌসুমে ৪৮টি ক্লাব টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বুলবুলকে অবৈধ সভাপতি বলেও উল্লেখ করেন মোহামেডানের এই কাউন্সিলর। আপত্তি জানান তাদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলারও।
বিসিবির নির্বাচন নিয়ে বেশ কিছুদিন থেকেই ক্রিকেটাঙ্গন উত্তপ্ত হয়েছিল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের একটা বড় অংশ নির্বাচন বয়কট করেছিল। সেই সঙ্গে দাবি মানা না হলে ঘরোয়া ক্রিকেট বর্জনেরও হুমকি দিয়েছিল তারা।
তবে, তাদের দাবি উপেক্ষা করেই গত সোমবার (৬ অক্টোবর) বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নতুন করে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এর আগে, গত শনিবার (৪ অক্টোবর) নির্বাচন পেছানোসহ ৩টি শর্ত দিয়েছিলেন এই সংগঠকরা। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপিও পাঠান তারা। তাদের দাবি- বিসিবির বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের সময় বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।
তবে এমন সিদ্ধান্তে বেশ সরব হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে চলছে নানা আলোচনা ও সমালোচনা।