প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:২১ AM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ড. ইউনূসের কাছে পৌঁছে দেন বেরিস একিনচি। একই সঙ্গে, তুরস্ক সফরের আমন্ত্রণও জানান তিনি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন, ‘জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা। আমরা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও উচ্চ পর্যায়ে নিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’
এ সময় জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিখাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমার বাংলাদেশের প্রথম সফর। বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্ক সবসময় পাশে থাকবে।’
তিনি জানান, তুরস্ক বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বৃত্তি এবং বিনিময় কর্মসূচি চালু রেখেছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন।
স্বদেশ প্রতিদিন/এমএম