প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ AM

প্রতীকী ছবি
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মঙ্গলবার (৪ অক্টোবর) শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে মা-ইলিশ সংরক্ষণ অভিযান।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বিক্রি ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে মাদারীপুরের শিবচর উপজেলায় ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে শিবচর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ও ডিমওয়ালা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। বিকেলে চরজানাজাত পয়েন্টে কিছু জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০) ও সোহেল হাওলাদার (৩২)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান আটক জেলেদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান বলেন, “ইলিশ মাছের প্রজননকালীন সময় রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। আজ অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/শাহো