প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৪৩ পিএম

মাদারীপুরের রাজৈরে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার শংকরদী ও পাট্টাবুকা গ্রামে সংঘটিত এসব ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট হয় এবং এক প্রবাসী আহত হন।
পুলিশ জানায়, গাঁজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব শেখ ও মনি বয়াতির মধ্যে সংঘর্ষের জেরে রাজিবের নেতৃত্বে কয়েক দফা হামলা চালানো হয়। হামলাকারীরা নগদ ১০ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও দুটি গরু লুট করে নেয় বলে অভিযোগ। পরে পুলিশ গরু দুটি উদ্ধার করে।
আহত প্রবাসী নেয়ামত উল্লাহ বয়াতি বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, চাঁদার টাকা না দেওয়ায় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালিয়েছে।
তবে অভিযুক্ত রাজিবের ভাই বেলায়েত শেখ হামলার দায় স্বীকার করলেও লুটের অভিযোগ অস্বীকার করেন। সাংবাদিকের প্রশ্নে বিভ্রান্ত হয়ে তিনি টাকার প্রস্তাবও দেন বলে জানা গেছে।
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, “উদ্ধার হওয়া গরু দুটি ফেরত দেওয়া হয়েছে। দুই পক্ষই মাদকের সঙ্গে জড়িত ছিল। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ