প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার ছোট আহম্মদপুর গ্রামে ১৩ বছর আগে স্বামী ও সন্তানদের ফেলে পালিয়ে যাওয়া এক নারী হঠাৎ ফিরে এসে মৃত স্বামীর সম্পত্তি দাবি করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে ইসমাইল হোসেনের প্রথম স্ত্রী বানু বেগম তিন সন্তান রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যান। এরপর সন্তানদের দেখভালের জন্য ইসমাইল সালেহা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। দীর্ঘদিন পর পারিবারিক শান্তি ফিরে এলেও ইসমাইলের মৃত্যুর পর বানু বেগম ফিরে এসে সম্পত্তির দাবি তোলেন এবং একাধিকবার বাড়িতে গিয়ে দখলের চেষ্টাও করেন বলে অভিযোগ উঠেছে।
দ্বিতীয় স্ত্রী সালেহা বেগম বলেন, “বানু বেগম আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এখন এসে স্বামীর সম্পত্তি দখল করতে চাইছে। এতে আমরা খুবই আতঙ্কে আছি।”
এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, বানু বেগম গ্রামের সামাজিক বৈঠকগুলোতে অংশ না নিয়ে গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এক প্রবীণ বাসিন্দা বলেন, “যে নারী নিজের স্বামী ও সন্তানদের ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়েছিল, তার ফিরে এসে সম্পত্তি দাবি করা একেবারেই অনৈতিক ও অগ্রহণযোগ্য।”
বর্তমানে সালেহা বেগম দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ