প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ পিএম

রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে কেন্দ্র করে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্টে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা। তবে দীর্ঘদিন চুপ থাকলেও সোমবার তিনি নিজ ফেসবুক পেজে স্ত্রীর অভিযোগের বিস্তারিত জবাব দিয়েছেন।
আবু ত্বহা লিখেছেন, তার স্ত্রী দুটি পোস্ট দিয়েছেন, যা তার প্রতি ভালোবাসার প্রকাশ। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর কিছু ভুল হয়েছে, কিন্তু সে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে। তিনি বলেন, “ওয়াল্লাহি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।”
তিনি আরও বলেন, বিগত চার বছরের সংসার জীবনে একাধিকবার কষ্ট ও ভুল বোঝাবুঝি হলেও, স্ত্রীর গুমের সাত দিনে তার অবদান অমূল্য। তিনি এটিকে ‘পাহাড়ের মতো লড়াই’ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে কোনো কটু কথা বলবেন না।
পোস্টে আবু ত্বহা তার প্রতিষ্ঠান, অনলাইন মাদ্রাসা এবং সামাজিক মিডিয়ায় ওঠা সমালোচনারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, প্রতিষ্ঠানে কোনো ধরনের অনৈতিক বা ফ্রি মিক্সিং হয় না এবং সব কার্যক্রমের হিসাব রাখা হয়। নিজের অতীত ভুল স্বীকার করে তিনি তা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন।
শেষে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, “ওয়াল্লাহি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আগেও বাসতাম, আজও বাসি, শাহাদাত অবদি বাসব ইনশাআল্লাহ। তুমি যত ভুল বুঝ বা কষ্ট দাও, আমি তোমাকে ছাড়ব না। আমি আমার পরিবারের সকলকে ভালোবাসি এবং তোমার পাশে থাকলে সব কিছু সুন্দরভাবে চলবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ