প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১০:২০ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে সোমবার অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়, যা পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু জেলে এ নিষেধাজ্ঞা অমান্য করছেন। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এর আগে গত রোববার রাজবাড়ীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ এবং সদর উপজেলার সূর্য্যনগর বাজার থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল। জেলা মৎস্য বিভাগ জানায়, গোয়ালন্দে দৌলতদিয়া ৬নং ফেরী ঘাট থেকে চর কর্নেশন, চর মজলিশপুর, ধোলায়ের চর, কলাবাগানের চ্যানেলসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার ধাওয়া দিলে জেলেরা পালিয়ে যায়। ট্রলার থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল দৌলতদিয়া ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে বিক্রির সময় ১০ কেজি ইলিশ জব্দ করা হয় এবং পার্শ্ববর্তী মাদ্রাসায় বিতরণ করা হয়। সদর উপজেলা এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হলেও এই এলাকায় কোনো মাছ পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ