
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র্যাব-২ এর মাদক ও ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে র্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে তথ্য পায় র্যাব।
এর ফলে, র্যাব-২ এর টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল গত শনিবার (৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭ জনকে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪.৯৬৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারপূর্বক আসামিদের বরাতে জানা যায়, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ. লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) এবং মো. বাবু (৩১)।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে।
প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংগঠনটি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।