প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৩ AM

সংগৃহীত ছবি
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রায়েরবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা জাহিদকে ধরে ফেলেন। খবর পেয়ে রায়েরবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রথমে জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা দাবি করলেও জিজ্ঞাসাবাদে তার প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে।
তল্লাশিতে তার কাছ থেকে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া আইডি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/শাহো