প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ AM

সংগৃহীত ছবি
গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সঙ্গে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, তারা গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে প্রকাশিত দ্বিতীয় ভিডিও বার্তায় তিনি জাহাজের ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখিয়ে এ কথা জানান। ভিডিওতে তাকে সহযাত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওতে তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে জাহাজে থাকা ২০ জন চিকিৎসক ও নার্সের সেবায় এখন সুস্থ আছেন। ক্যাপশনে তিনি লেখেন, “আজ বমি করে পড়ে গিয়েছিলাম, কিন্তু গুরুতর কিছু হয়নি। সবাই আমার খোঁজ নিয়েছেন, আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখিত। যে যত্ন পেয়েছি, তাতে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি।”
তিনি আরও লেখেন, “আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি এখন গাজার খুব কাছাকাছি।”
অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা একটি বাদে ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির সত্যতা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। এ অভিযানে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো