
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহের সময় ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৮ সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা এবং নগদ টাকা ছিনিয়ে নেন।
আহত সাংবাদিকরা হলেন- দৈনিক দিনকালের পারভেজ সরকার, এশিয়ান টিভি এর নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লা এর সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিন এর আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলা এর জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণ এর শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজ এর সাইফুল ইসলাম সজিব।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা সংলগ্ন উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবার ও প্রতিবেশী সাহেববাড়ির শাহজাহানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি শাহজাহানের পরিবার কমলা খাতুনের বসতবাড়ির একমাত্র প্রবেশপথে দেয়াল তুলে দেয়। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার উদ্যোগে সালিস ডাকা হয়।
সালিসের অদূরে হাকিম মিয়ার চায়ের দোকানে সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিকরা। তখন শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০) ও বিল্লাল (২৭) নেতৃত্বে ২৫-৩০ সশস্ত্র ব্যক্তি হঠাৎ সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেন।
হামলায় সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারও লক্ষ্যবস্তু হয়। হামলাকারীরা সোহরাবের পিতা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেন, তার মা নার্গিস বেগম ও স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে আহত করেন, আর ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেন।
গুরুতর আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, আনোয়ার হোসেনসহ জাকির হোসেন, নার্গিস বেগম ও রুমি আক্তারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সালিসের আগে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন এসে আমাদের উপর হামলা চালায় এবং মোবাইল, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়।”
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানিয়েছেন, সালিস শুরু হওয়ার আগেই চায়ের দোকানে সংঘর্ষ ঘটে এবং তিনি সাংবাদিকদের রক্ষার চেষ্টা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো