প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৮:২০ PM

দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগীরঘোপা বেনুপাড়া যুব সংঘের আয়োজনে পাকেরহাট বেনুপাড়া শম্ভুর বটতলায় এ খেলা অনুষ্ঠিত হয়।
সাপ দিয়ে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ খেলায় ১২টি তান্ত্রিক দল অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে একটি সাপ প্রবেশ করিয়ে প্রথম স্থান অর্জন করেন পাকেরহাটের কবিরাজ মইনুল ইসলামের তান্ত্রিক দল। একইভাবে একটি সাপ প্রবেশ করিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে নেউলার খাদিমুল ইসলামের তান্ত্রিক দল।
খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় একটি বড় ও একটি ছোট ছাগল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ৫নং ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত সদস্য শাহজাহান পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন খামারপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আকিবুল ইসলাম, রাখালধামের বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম রায়, আঙ্গারপাড়া ইউনিয়নের সমাজসেবক আতিকার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সবুর ইসলামসহ বেনুপাড়া যুব সংঘের সদস্যরা।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে নারী-পুরুষসহ হাজারো দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ