প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
এতে সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এমন মন্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমটির প্রতিনিধি মো. জাকির হোসাইনসহ তিন প্রতিনিধি রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী বলেন, এমন ঘটনায় আমি রায়পুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদেরকে নিয়ে এমন অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নিবে না। আমরা চাই উনি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইবেন উনার ভুলের জন্য।
সাধারণ ডায়েরির বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার এসআই ( নিরস্ত্র) সুদীপ্ত নাথ দীপ্ত বলেন, ডা. মোফাজ্জল হোসেন এর উপর আনীত (জিডি) অভিযোগের সত্যতা পাওয়া গেছে।আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, অনিয়ম থাকলে যে কারো বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে পারেন, তবে যদি কোনো অসত্য নিউজ করে তার জন্য আইনী ব্যবস্থা নিবে। কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো এটা দুঃখজনক। আমি এখানে নতুন আসছি। এখন পর্যন্ত সবাইকে ভালো করে চিনিও না। বিষয়টি শুনলাম আমি সত্যতা যাচাই করে পদক্ষেপ নিবো, আর আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এনআর