প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনের বিএনপি নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা ও নগদ প্রীতি উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাহাবুদ্দিন মিয়া। তার সার্বিক তত্ত্বাবধানে সেলিমুজ্জামান সেলিমের প্রতিনিধিরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নেতৃবৃন্দ পূজা আয়োজকদের খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
পরে সাহাবুদ্দিন মিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দল কাশালিয়া ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা হিসেবে ‘শারদীয় প্রীতি উপহার’ হস্তান্তর করেন।
মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাহাবুদ্দিন মিয়া। তিনি বলেন, ‘কাশালিয়া ইউনিয়নবাসীর বিপদ-আপদে আমি সবসময় পাশে থেকেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। তিনি নির্বাচিত হলে কাশালিয়া, মুকসুদপুর ও কাশিয়ানীর সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম