প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস।
বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) রাতে ফিলিস্তিন দূতাবাসের ফেসবুক পোস্টে শহিদুল আলমের প্রশংসা করা হয়।
ফিলিস্তিনি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে গর্বের সাথে ধন্যবাদ জানাই, যিনি গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন। গাজায় ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি তিনি। ন্যায়বিচারের জন্য তার নির্ভীক কণ্ঠস্বরের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস তাকে সম্মান ও ধন্যবাদ জানিয়েছে।
শহিদুল আলমকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়, ‘আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবতা নিজেই পরাজিত হবে।’
গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার তথ্য জানান শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে রওনা করেন। সেখান থেকেই গাজার উদ্দেশে এই ফ্লোটিলায় তিনি অংশ নেন।
আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে। আগেরবারের ফ্লোটিলাগুলোকে এখানেই আটকানো বা আক্রমণ করা হয়েছিল।
ইসরায়েল এবারও তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে তেমন পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আগের মতোই নৌবহরের শত শত কর্মীকে আটক করে তীরে আনার পর নির্বাসিত করা হতে পারে। কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অভিযান বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপ্পুরের সময় শুরু হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম