| শিরোনাম: |

প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণিঝড় ‘শক্তি’র খবর জানিয়েছে মার্কিন নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তার তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার বুলেটিনে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বয়ে যাচ্ছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) রাতেই ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্ত উপকূলে আঘাত হানতে পারে। তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবেই বিবেচনা করছে।
বাংলাদেশের ওপর দিয়ে সরাসরি অতিক্রম না করলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চল বন্যাকবলিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা ও আসামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এ প্রবণতা আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/শাহো