প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৪৫ পিএম

ফাইল ছবি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের হাতে সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করেন গণমাধ্যমকর্মীরা। পরে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এনসিপি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। এ সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা ঘিরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
এ সময় বিএনপি নেতা হুমায়ুন কবির বক্তব্য রাখছিলেন। তখন এনসিপির কয়েকজন নেতা উচ্চস্বরে স্লোগান দিলে এক সাংবাদিক তাদের থামতে বলেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং লাঞ্ছিত করেন। ফলে সাংবাদিকরা সংবাদ সম্মেলন ত্যাগ করেন।
পরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অনভিপ্রেত এবং নিন্দনীয়। দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সাংবাদিকরা আমাদের সহযাত্রী। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য এনসিপি আরও সতর্ক থাকবে।”
স্বদেশ প্রতিদিন/শাহো