
পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা বাজারে মাছ ও তরকারির দাম সিন্ডিকেটের কারণে অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এতে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশের মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় প্রতিদিন পণ্য প্রতি ২০ থেকে ৪০ টাকা বেশি গুনতে হচ্ছে এই বাজারে।
ক্রেতাদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। ফলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বাজারে গিয়ে বিপাকে পড়ছেন। আশপাশের বাজারে দাম সহনীয় থাকলেও পীরতলা বাজারে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ প্রায় সব ধরনের সবজি এবং স্থানীয় নদীর মাছের দাম স্বাভাবিকের চেয়ে বেশি। অনেকেই বলেন, অন্য বাজারে যেতে সময় ও যাতায়াত খরচ বেশি লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে।
বিভিন্ন ক্রেতার মতে, বাজারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের উচ্চ বেতনের কারণে চাহিদা বেশি, ফলে বিক্রেতারা দাম বাড়িয়ে নিচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।
তরকারি ব্যবসায়ী অলিউর রহমান মৃধা বলেন, ‘পাইকারি বাজার থেকেই দাম বেশি, আর পরিবহন খরচও বেড়েছে।’
তবে ভোক্তাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল, কিন্তু এখানে সিন্ডিকেটের কারণেই দাম অস্বাভাবিক।
পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করেছেন, ‘সিন্ডিকেটের বিষয়টি সত্য। বারবার সতর্ক করার পরও কিছু ব্যবসায়ী ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছেন না। শিগগিরই সমিতির বৈঠকে কঠোর নির্দেশনা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ‘বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সচেতন মহল মনে করছে, ‘প্রশাসনের কড়া নজরদারি ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নইলে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ন্যায্য দামে বাজার করার সুযোগ হারাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম