
১৪ ডাকাত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান এক প্রেসবিফিং-এ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি মডেল মসজিদ সংলগ্নে ডাকাতি সংঘটিত করার গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাত দলের সর্দার দুলাল (৪৮), মো. মনির হোসেন (৪০), মো. মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), মো. আল আমিন (৩২), মো. কামাল হোসেন (৩২), মো. খোকন (৪০), আল আমিন (২৫), শরীফ মোশারফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. সোহেল (২৬), মো. আব্দুল আউয়াল (৫০), নিহার বিশ্বাস (৪৮)।
পুলিশ সুপার নজির আহমেদ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এরপর জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন বাঙ্গরা থানা এলাকায় ডাকাত দল সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বাঙ্গরা বাজার থানার পুলিশ টহল জোরদার করায় ওই এলাকায় ডাকাতি করতে ব্যর্থ হন তারা।
তিনি আরো জানান, এরপর ৩০ সেপ্টেম্বর ভোর রাতে দেবীদ্বার থানায় ডাকাতির সিদ্ধান্ত নিলে পুলিশ জানতে পেরে উপজেলার ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল দরজা খুলে ও জানালার গ্লাস ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পুলিশ ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থাকা ৪ জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ ২০ হাজার টাকা এবং কালো রঙের একটি হাইএস মাইক্রোবাস গাড়ি জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। গত ২৮ সেপ্টেম্বর লালমাই এলাকায় ৩ টি বরুড়ায় ১ টি ও নবীনগর উপজেলায় ১টি ডাকাতি করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
দেবীদ্বার- ব্রাহ্মনপাড়া সার্কেলর সিনিয়র পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ডাকাতির ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহে সংবাদ মাধ্যমকে বিলম্বে জানানো হয়েছে।