প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৩০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো কাউকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসেবে দেখে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাঙালি—এটাই আমাদের পরিচয়।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদের অবসান ঘটলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। সেই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছে এবং দরিদ্র মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিল।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজার মূল বার্তা উপলব্ধি করতে হবে। বছরে একবার মা দুর্গা পৃথিবীতে এসে মানুষের পাপ-জঞ্জাল দূর করেন। তেমনি অসুরের রূপে কিছু মানুষ অন্যায়-অবিচার করে। এখান থেকে শিক্ষা নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন—পলাশ বাজার সার্বজনীন দুর্গামন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।
স্বদেশ প্রতিদিন/এনআর