প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে চাইলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরের বাজেট সংশোধনে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে গত ২৪ জুলাই নতুন পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে সুপারিশ জমা দেবেন। ইতোমধ্যে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিশনের একজন সদস্য জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত বর্তমানে ১০:১। নতুন কাঠামোতেও এই অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হবে। গ্রেডের সংখ্যা কিছুটা কমানো হলেও বেতনের অনুপাত অপরিবর্তিত থাকবে।
এছাড়াও, চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে একজন কর্মচারী মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ে অতিরিক্ত সুবিধা রাখার প্রস্তাব থাকবে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করবে কমিশন।