প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৫ পিএম

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেন জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।’
প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী ৩ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রার্থীদের আবেদন নেওয়া হবে। এরপর শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ‘জেন জি বিক্ষোভ রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন।
সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এর পর নতুন সরকার গঠন করা হবে।
উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে মাদাগাস্কার একাধিক বিদ্রোহের কবলে পড়েছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে গণবিক্ষোভ যা প্রাক্তন রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানাকে পদত্যাগ। এরপর ক্ষমতায় আসেন রাজোয়েলিনা।
২০২৩ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাজোয়েলিনার জন্য এটাই সবচেয়ে বড় সংকট। জনমনে সরকারের প্রতি যে অসন্তোষ জমা ছিল, তা এই আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম