প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ AM

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘তারেক রহমানের ঘোষণাকৃত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। দেশে কোনো ধর্মীয় বা ধনী-গরিব বৈষম্য থাকবে না।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে দুর্গাপূজার একটি মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি উপজেলার রাজারচর, আলিনগর, শিকারমঙ্গলসহ মোট ২৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা এই শারদীয় উৎসবকে নিজেদের উৎসব হিসেবে বিবেচনা করে। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো।’
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, ‘আগামী বাংলাদেশের কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি এবং উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম