প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

সংগৃহীত ছবি
ভারতের তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে নয়জন শিশুও।
জানা যায়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এই জনসমাবেশের আয়োজন করেছিল। সমাবেশ শুরুর কথা বিকেল ৩টায় থাকলেও বিজয় পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টায়।
এর মধ্যে, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা কয়েক হাজার মানুষ অপেক্ষা করছিলেন এবং ভিড়ের মধ্যে তখন খাবার ও পানির পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।
তামিলনাড়ুর পুলিশ প্রধান জি. ভেঙ্কটরামন জানান, আয়োজকরা শুরুতে ১০ হাজার মানুষের অনুমতি নেয় তবে মাঠে ভিড় হয় প্রায় ২৭ হাজার মানুষের। এত বড় সমাগম সামলানোর মতো পরিকাঠামো বা ব্যবস্থাপনা ছিল না তাদের। এসময়, নিরাপত্তায় মোতায়েন ছিল মাত্র ৫০০ পুলিশ সদস্য।
সন্ধ্যায় বিজয় যখন প্রচারণার গাড়ি থেকে বক্তব্য দিচ্ছিলেন, তখন ভিড়ের মধ্যে হঠাৎ কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে যান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ধাক্কাধাক্কির মধ্যে অনেকে মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন।
এসময়, বিজয় বক্তব্য থামিয়ে অসুস্থদের দিকে নিজ হাতে বোতলের পানি ছুড়ে দেন এবং পুলিশকে দ্রুত সাহায্যের আহ্বান জানান।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ ছেলে শিশু ও ৫ মেয়ে শিশু রয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৫১ জন। নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
এ দুর্ঘটনার পর এক সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শাসক দল ডিএমকে অব্যবস্থাপনা ও অবহেলার জন্য বিজয়কে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয় বেদনায় আছি। প্রাণ হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
সূত্র: হিন্দুস্তান টাইমস