প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম

সংগৃহীত ছবি
সরকার ফরিদপুর ও কুমিল্লা নামের নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠন করছে। একইসাথে, নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ডেইলি স্টার অনলাইন জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে বলে নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমটি।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
ইতোমধ্যেই জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে।
উল্লেখ্য, বর্তমানে মোট ৮টি প্রশাসনিক বিভাগ আছে। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে, সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার।