প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম

সংগৃহীত ছবি
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয়।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, “জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়াতে অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি! আমি বহুবার বলেছি আমাকে যা ইচ্ছা মনে করেন আমার কোনো সমস্যা নেই। শুধু আওয়ামী লীগ না বানালেই চলবে। ওই অনুষ্ঠানটি আসলে জামায়াতের ছিল না, আমি আখতারকেও এখানে রাখতে চেয়েছিলাম তারা রাজি হয়নি। সম্ভবত মির্জা ফখরুলকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল।”
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে ইলিয়াস আরো লেখেন, “আমি দুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম অনুষ্ঠানে আমি থাকব যদি কারো সাহস থাকে তাহলে তারা আসুক। তারা আসেনি! আমাদের ঢাকা থেকে আসা জুলাই যোদ্ধাদের একা পেয়ে তারা যেটা করেছে সেটা কাপুরুষোচিত, সাহসিকতা নয়। ওরা বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।”
জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ইলিয়াস লেখেন, “আমি সাধারণত যেকোনো পাবলিক অনুষ্ঠান এড়িয়ে চলি, এই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা নয় বরং বিমানবন্দরে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার জবাব দিতে।”
এদিকে তার এই পোস্টের বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা নানা মন্তব্য করে যাচ্ছেন এই প্রবাসী সাংবাদিকের পোস্টে।