প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ AM

সংগৃহীত ছবি
বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। অভিযানের আগে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাই প্লাস্টিকের বোতল ও আবর্জনা ছিটিয়ে দেন, পরে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ নিয়ে জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি ব্যাখ্যা দিয়েছেন।
ডিসি বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার কোনো পূর্বজ্ঞান ছিল না; আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছি।
ভিডিও দেখার পর স্টাফদের কাছ থেকে তথ্য নিয়ে তিনি জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে আগে থেকে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এ নির্দেশ দিয়েছিলেন, তা তারা বলতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল, আমরা সেদিকে যাইনি। এটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ছিল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের মেঘলা পর্যটনকেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধনের আগে ভিডিওটি ধারণ করা হয়। সেখানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পলিথিন ব্যাগ থেকে খালি প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা তা কুড়িয়ে নিচ্ছেন।