নদীর পাড়ে শিশু হাতে অবিস্ফোরিত গ্রেনেড, অতঃপর...
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি কুড়িয়ে পায় এবং সারাদিন সেটি নিয়ে খেলাধুলা করে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে সংরক্ষণ করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্রেনেডটি বহু পুরোনো।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, “স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। আগামীকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে এটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে।”
চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড উদ্ধার করেছে। বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। আগামীকাল গ্রেনেডটি নিরাপদে ধ্বংস করা হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর