প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ AM

সংগৃহীত ছবি
আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময় চলছে। রাত পোহালেই মহাষষ্ঠী, যখন দেবী দুর্গা আসনে অধিষ্ঠিত হবেন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনী দেবীর অকালবোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
বিশুদ্ধ পঞ্জিকামতে, এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে গজ শুভযাত্রার প্রতীক, যা শস্যপূর্ণা বসুন্ধরার অর্থ বহন করে। ফিরবেন দেবী দোলায় বা পালকিতে। ইতিমধ্যে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর আরাধনায় ব্যস্ত, এবং সবখানেই দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙ-তুলির আঁচড়ে দেবীকে রূপ দেওয়ার কাজ। সাধারণ মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেওয়া হয় তিন মাস আগে থেকেই। এখন শুধু রঙ-তুলিতে দেবীকে পূর্ণতা দেওয়ার কাজ বাকি আছে। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, আবার কোথাও কেবল শুরু হয়েছে।
উল্লেখ্য, এবারে ঢাকা মহানগরীতে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২৫৯টি মণ্ডপে। সারাদেশে মণ্ডপের সংখ্যা ৩৩,৩৫৫টি।