
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীতে পাঁচ দফা গণদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন হৃদয় তাড়ুয়া চত্বরে পটুয়াখালী পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল আহসান।
এডভোকেট নাজমুল আহসান বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কেউ শান্তিতে ভোট দিতে পারেনি। এবার আমরা ভোটের অধিকার ফিরিয়ে নিবো এবং সকলে প্রস্তুত হয়ে ভোট কেন্দ্রে যাবো।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যারা বসে আছেন, তাদের মনে রাখতে হবে কিভাবে তারা ক্ষমতায় এসেছেন এবং শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে হবে।’
জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়েছেন। তাই আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ‘ক্ষমতায় যাওয়া ছাড়াই আইনি সনদ দেওয়ার দাবি পূরণ সম্ভব নয়।’
এসময় বক্তারা আগামী ফেব্রুয়ারি মাসে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিসহ পাঁচ দফা গণদাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বড় মসজিদের সামনে এসে শেষ হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো